
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। অপরাধ দমনে তথ্য আদান-প্রদান ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে সমাজ থেকে অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক যত দৃঢ় হবে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা তত সহজ হবে। তাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।