
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মসজিদের নির্মাণসামগ্রী কিনতে বাজারে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সৈয়দ নজরুল ইসলাম ওরফে চান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ। একই ঘটনায় তার পকেট থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বর্তমানে তিনি ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ভাণ্ডারিয়া মাছ বাজারের টলঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সৈয়দ নজরুল ইসলাম উপজেলার চিংগুড়িয়া গ্রামের মৃত কাসেম মীরের ছেলে। তিনি স্থানীয় একটি জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পুরোনো মসজিদটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিদের আর্থিক সহযোগিতায় নির্মাণকাজও শুরু হয়েছে। ওই কাজের জন্য রড, সিমেন্ট ও টাইলস কেনার পাশাপাশি একটি দোকানের পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে শনিবার ভাণ্ডারিয়া বাজারে যান সৈয়দ নজরুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি বলেন, মাছ বাজারের টলঘরে অবস্থানকালে পূর্বশত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তাকে হত্যার হুমকি দিয়ে পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে মারধরের কারণে তিনি মাটিতে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়।
সৈয়দ নজরুল ইসলামের দাবি, হামলার একপর্যায়ে তার পরনের প্যান্টের পকেট থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়। মসজিদের নির্মাণসামগ্রী কেনা ও দোকানের পূর্বের পাওনা পরিশোধের জন্য ওই টাকা সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় অটোরিকশাযোগে তাকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে দেওয়া ভিডিও সাক্ষাৎকারেও সৈয়দ নজরুল ইসলাম হামলা, মারধর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
1 thought on “ভাণ্ডারিয়ায় মসজিদের নির্মাণসামগ্রী কিনতে গিয়ে প্রতিপক্ষের হামলার অভিযোগ- আহত বৃদ্ধ হাসপাতালে”
Bài viết hay, mình học được nhiều điều. Letco là địa chỉ du học Hàn Quốc đáng tin cậy, hỗ trợ toàn diện từ tiếng Hàn đến visa. Xem tại letco.vn.