
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। অনুষ্ঠানে কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার ও করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রাসেল। তিনি জানান , এ পর্যন্ত কাজিপুরে মোট ৪৬৭ জন রোগী ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত মাসে একজন রোগী মারা গেছেন। তিনি আরও জানান, বেশির ভাগ রোগী ঢাকা এবং গাজীপুর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ি এসে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন। তবে জেলার মধ্যে কাজিপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু প্রমূখ। বক্তাগণ অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নানা বিষয় তুলে ধরে বলেন, যতদ্রুত সম্ভব ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সামাজিক সচেতনতা, বাড়িঘর, স্কুল-কলেজ ও অফিসের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ/হ