
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন কবরস্থানের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নিহত দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দিল মোহাম্মদ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি। সকালে স্থানীয়রা কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান।
ইউপি সদস্য আরও জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন, দিল মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন সময়ে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করতেন বলেও জানান পরিবারের সদস্যরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।