
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত করার লক্ষ্যে সেভ রংপুর, নামে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে যেকোনো অপরাধ ও অপরাধীসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্যোগের মূল লক্ষ্য ও সুবিধাসমূহ:
পরিচয় গোপন রেখে তথ্য প্রদান: হয়রানি বা ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কায় অনেক সময় নাগরিকরা অপরাধের তথ্য দিতে চান না। এই ওয়েবসাইটে নাম-পরিচয় প্রকাশ না করেই নিরাপদভাবে তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে।
যেসব বিষয়ে তথ্য দেওয়া যাবে: মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাংয়ের অপরাধ ও ইভটিজিংসহ যেকোনো আইনশৃঙ্খলা পরিপন্থী ঘটনার স্থান, সময়, অপরাধীর ধরণ ও সম্ভাব্য বিবরণ উল্লেখ করে তথ্য পাঠোনো যাবে।
যাচাই ও আইনি ব্যবস্থা: নাগরিকদের পাঠানো তথ্য সরাসরি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে যাবে। তবে তথ্যের অপব্যবহার রোধে কঠোর যাচাই-বাছাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে ‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আল মামুন বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ শহর গড়ে তোলা অসম্ভব। প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যকার দূরত্ব কমিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখবে।
বক্তারা প্ল্যাটফর্মটির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানান এবং মিথ্যা তথ্য না দিয়ে যাচাইযোগ্য তথ্য প্রদানের মাধ্যমে রংপুর জেলাকে একটি আদর্শ, নিরাপদ ও সচেতন অঞ্চলে রূপান্তরের তাগিদ দেন। ভবিষ্যতে প্ল্যাটফর্মটিকে আরও জনবান্ধব করতে নতুন বিভিন্ন ফিচার যুক্ত করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।