
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
এসো হে নবীন, সবুজ চত্বরে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনায়েদ আহমেদ, ইউপি চেয়ারম্যান ও অভিভাবক আনসার আলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি আলিম নূর হোসেন, শিক্ষার্থী রাফিয়া রায়হান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
শুধু ভালো ফলাফল নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।