
সিরাজুল ইসলাম রনি, রাজশাহীঃ
সদ্য প্রয়াত বিএনপি নেতা রবিউল ইসলাম রবির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা পবা হরিপুর বশরী গোরস্থানে রবির কবর জিয়ারতে অংশ নেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় অটোরিকশার সাথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রবিউল ইসলাম রবি। এরপর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বশরী গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের ছোট ভাই এবং রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলামের চাচা।
শুক্রবার কবর জিয়ারতের পূর্বে সংসদ সদস্য শফিকুল হক মিলন বশরী এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় মরহুমের স্মৃতিচারণ করে এমপি মিলন বলেন, “রবিউল ইসলাম রবি অত্যন্ত ভদ্র, নম্র ও ভালো মনের মানুষ ছিলেন। এলাকায় তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল এবং তিনি কারও সাথে কখনো বিবাদে জড়াতেন না। তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
দোয়া ও কবর জিয়ারতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও আরডিএ-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমন-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।