
মোঃ রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় “মাদক নয়,জীবন হোক সুন্দর, স্বপ্নগুলো থাকুক অটুট”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সুস্থ সমাজ, নিরাপদ পরিবার ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগণের উদ্যোগে আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিকভাবে মাদক মুক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(২অক্টোবর)বাদ মাগরিব উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা খেলার মাঠে আয়োজিত এক বিশেষ সামাজিক সমাবেশে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ,যুব সমাজ ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।
ইউপি সদস্য শাহজাদা শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ,আব্দুল আহাদ শিকদার শ্যামল,সাইফুল শিকদার,সিরাজুল ইসলাম মেম্বার,জামান সরকার,ইঞ্জি:কাউসার আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাসুদ ফারুক বলেন,আজ এই মুহূর্ত থেকে আনারপুরা গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করা হলো,যারা এই ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইন গত ব্যবস্থা গ্রহণ ক রা হবে,যারা সেবন করবে তাদের সামাজিক ভাবে বয়কট করা হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ছাড়া সুস্থ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও নানাবিধ অপরাধ নির্মূল করতে গ্রামের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জীবনকে ‘হ্যাঁ’ এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানান তারা।
গ্রামবাসী একাত্মতা প্রকাশ করে অঙ্গীকার করেন যে, এখন থেকে আনারপুরা গ্রামে কোনো প্রকার মাদক ব্যবসা, জুয়া বা অপরাধমূলক কর্মকাণ্ড স্থান পাবে না। সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ গ্রাম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান ফারুক গ্রামবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।