
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ‘ফুল এস্কেল’ ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া বন্দরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। অভিযুক্ত নাসির উদ্দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে প্রায় ৩২০ টাকা মূল্যের ডিটারজেন্ট পাউডার মাত্র ১০০ টাকায় দুই কেজি হিসেবে বিক্রি করা হচ্ছিল। প্যাকেটগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ ছিল না। বরং এসব তারিখ ইচ্ছামতো নির্ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্যাকেটের উপাদানের সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ও অনুমোদিত নমুনার মিল পাওয়া যায়নি।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। পুলিশ দলের নেতৃত্বে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম শাহীন। এ ছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, প্যাকেটজাত ডিটারজেন্ট পাউডার অত্যন্ত নিম্নমানের। এ ধরনের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নকল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।