
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর মডেল থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবু নবকুমার বিশ্বাস। বক্তব্যে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি ও সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সোনা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায়, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর পার্বতীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া কমল কুমার দাসসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, পার্বতীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এবার পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।