
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে,
সোমবার (১৯ অক্টোবর ২০২৬ ) বিকেল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার বলেন, ভিআইপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তা ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কাজ।
এ দায়িত্বকে অতিরিক্ত বোঝা মনে না করে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা গ্রহণযোগ্য নয় এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান, ছাদ, সড়কের মোড়, ইন্টারসেকশন, ফিডার রোড, ইউটার্ন ও নির্ধারিত রাস্তা পারাপারের স্থানগুলোতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বহরের সামনে যেন কোনো যানবাহন বা ব্যক্তি আকস্মিকভাবে চলে আসতে না পারে, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। রেড পাস ছাড়া কাউকে ভিভিআইপির নিকটবর্তী স্থান বা মঞ্চে প্রবেশ করতে দেওয়া যাবে না। দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আগ্রহে ভিভিআইপির কাছে যাওয়া, সালাম দেওয়া, ছবি তোলা বা ব্যক্তিগত বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, ডিউটির সময় অহেতুক মোবাইল ফোন ব্যবহার, গেম খেলা, ব্যক্তিগত কথাবার্তা ও অসতর্ক আচরণ পরিহার করতে হবে। এসব আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং সংশ্লিষ্ট সদস্যকে জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে। গণমাধ্যমে বক্তব্য প্রদানের ক্ষেত্রে নির্ধারিত মুখপাত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে; অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না।
অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনকালে সজাগ থাকা এবং অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দেন পুলিশ কমিশনার। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের তর্ক-বিতর্কে না জড়িয়ে ধৈর্য, সংযম ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ পোস্টে অবস্থান করতে হবে। সাদাপোশাকে দায়িত্ব পালনকারী সদস্যদের দৃশ্যমানভাবে পরিচয়পত্র পরিধান করতে হবে।
পরিশেষে পুলিশ কমিশনার বলেন, ভিআইপি নিরাপত্তা ও প্রটোকল ডিউটিতে প্রত্যেক সদস্যের সতর্কতা, শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।