
দাগনভূঞা প্রতিনিধি
‘মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সকালে পৌর শহরের জাফরান ডাইন রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছবি: অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে দাগনভূঞা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট গাজী ছালেহ উদ্দিন, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, ফেনী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও গবেষক হাসান আহমেদ, জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা কামরুল আহসান, দাতা সদস্য আবুল হোসেন,ব্যবসায়ী গোলাম রসূল মেনন।
শেষে সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীদের ও সমাজে বিভিন্ন ভালো কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ গুণীজনকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একই সঙ্গে সমাজের গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মান জানানো নতুন প্রজন্মকে ভালো কাজ ও মানবকল্যাণে উৎসাহিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে। আয়োজকরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা, চেষ্টা ও সাধনার পর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।