
এমএফএইচ রাজু | ঝালকাঠি | ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল নাহিয়ান ও মো. রাকিব এবং দপ্তর সম্পাদক তুহিন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অভিযানকালে ছাত্রদলের নেতাকর্মীরা জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি মশার বংশবিস্তার ঘটতে পারে এমন পানি জমে থাকা স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজেদের ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।
কর্মসূচি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের অঙ্গীকার করেন আয়োজকরা।