
এমএফএইচ রাজু | ভোলা | ১ অক্টোবর ২০২৬
ভোলার লালমোহনে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সালমান (২০)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার সালমান ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-২৪ দায়ের করা হয়। মামলায় সালমানকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়েছে।
এসআরবি জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করার পর এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৭, চট্টগ্রামের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে সালমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।