
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বাংলাদেশে ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের রুবি জুবিলী (৪০বছর) অনুষ্ঠিত হয়েছে তেঁজগাও হলি রোজারি কাথলিক চার্চে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) তেজগাঁও গির্জায় খ্রিষ্টযাগের মাধ্যমে রুবি জুবিলী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজশাহীর ধর্মপ্রদেশে বিশপ জের্ভাস রোজারিও এর পৌরহিত্যে খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন আর্চবিশপ কেভিন এস. রেন্ডাল, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী, বরিশালের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ঢাকার সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ, ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিওটোনিয়াস গমেজ, জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ পল গমেজ, ফাদার, সিস্টার, ব্রাদার ও সাধারণ খ্রীষ্টভক্ত।
খ্রীষ্টযাগের উপদেশে বিশপ ইম্মানুয়েল কানন বলেন, “বাংলাদেশে ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের রুবি জুবিলী চল্লিশ বছর পূর্তি বা রুবি জুবিলী উদ্যাপন নিঃসন্দেহে ঐশানুগ্রহপুষ্ট একটি সময় ; স্থানীয় মন্ডলীর ইতিহাসের একটি মাইলফলক বিধায় এই শুভ মূহূর্তে উপনীত হয়ে বিনস্র চিত্তে ধন্যবাদ ও প্রশংসার ডালি নিবেদন করি পরম প্রেমময় পিতা ঈশ্বরের চরণে।
খ্রীষ্টযাগের পরে বিশপগণ রুবি জুবিলী উপলক্ষে প্রকাশিত স্মরনীকার মোড়ক উন্মোচন করেন।
ধর্মপ্রদেশীয় যাজকদের আধ্যাত্মিক, মানবিক, মানসিক সাহচর্য দেয়ার সুবাসনা নিয়েই ১৯৮৬ খ্রীষ্টাব্দে স্থাপন করা হয়েছিল বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘ। আর্চবিশপ, বিশপ ও যাজকগণ এ মহাযাত্রা শুরু করেন। বর্তমানে তিন শতাধিক ধর্মপ্রদেশীয় যাজক বাংলাদেশের নয়টি ধর্মপ্রদেশে পালকীয় সেবাকাজ করে যাচ্ছেন।
তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে রুবি জুবিলীর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান সভাপতি মিন্টু লরেন্স পালমা বলেন, “দীর্ঘ চল্লিশ বছরের যাজকসংঘের পরম্পরার নিষ্ঠা, বিশ্বাসযোগ্যতা, সেবা ও স্থায়িত্বের এক গুরুত্বপূণ মাইলফলক। চার দশক ব্যাপী পথচলার সাফল্য, সংগ্রাম ও অর্জনকে স্মরণ করার সুযোগ। এটা শুধু উদ্যাপন নয়। এটা একটি স্মরণ, কৃতজ্ঞতা, নবীকরন ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের এক অর্থবহ উপলক্ষ্য।”
অনুষ্ঠানে এই সংগঠনের পরলোগত সভাপতিগণকে সম্মাননা এবং বর্তমানসহ প্রাক্তণ সভাপতিগণকে উপহার তুলে দেয়া হয়।