জ্বালানি সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসনে গুরুত্ব দিতে হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী

[print_bangla]

এমএফএইচ রাজু | ঢাকা | ৮ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যতের আবাসন ও নগর উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, জ্বালানি দক্ষতা ও জলবায়ু সহনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) আয়োজনে বিসিডিপি নলেজ কনফারেন্স ২০২৬-এর দ্বিতীয় দিনে ‘এনার্জি-এফিশিয়েন্ট অ্যান্ড ক্লাইমেট-রেজিলিয়েন্ট হাউজিং অ্যান্ড আরবান সার্ভিসেস’ শীর্ষক সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শুধু অধিক সংখ্যক ভবন নির্মাণ নয়; নিরাপদ, টেকসই, জ্বালানি-সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করা।

তিনি বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জন্য উন্নত ও টেকসই নগরসেবা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। ভবিষ্যতের আবাসন ও নগর অবকাঠামো নির্মাণে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব ও দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিতে হবে।

ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, পানি ব্যবস্থাপনা, প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বন্যা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়সহ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে আবাসন ও নগর অবকাঠামো গড়ে তুলতে হবে।

সেশনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। আলোচনায় টেকসই নগরায়ণ, জ্বালানি দক্ষতা, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং উন্নত নগরসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জ্বালানি সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসনে গুরুত্ব দিতে হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top