
সাজু আহমেদ, খাগড়াছড়ি-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। “মানবতায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য বিষয়ে আজ ৭ মে (বৃহস্পতিবার) সকাল ৯ টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস সংলগ্ন মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আল আমিন’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সেক্রেটারি এইচ এম প্রফুল্ল, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. রবিউল ইসলাম, মো. পেয়ার আহমদ, বসুন্ধরা ত্রিপুরা, আজীবন সদস্য টিন্টু ত্রিপুরা, ইউনিট লেভেল অফিসার আব্দুল গণি মজুমদার, যুব কার্যকরি কমিটির অন্যান্য সদস্য, সিনিয়র যুব সদস্য, যুব সদস্য, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কুইজ ও দেওয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন (২০২৪-২০২৬) সালে উপজেলা দলনেতার দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় উপস্থিত মানিকছড়ি উপজেলার সাবেক দলনেতা মো. হাবিব হোসেন, মাটিরাঙ্গা উপজেলার সাবেক দলনেতা জাহানারা খাতুন ও লক্ষ্মীছড়ি উপজেলায় সাবেক দলনেতা মো. তামিম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও খাগড়াছড়ি ইউনিটের আওতাধীন সকল উপজেলা দল গুলোতেও যথাযথ মর্যাদায় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস আয়োজন করা হয়েছে এবং মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এই আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়। জে/এ
