
কপাল পোড়া
শোভা রাণী বিশ্বাস
সারা জীবন দিয়ে গেলাম সেদ্ধ ডিমে তা
এতদিনে যত্নে রেখেও ফুটলো নাতো ছা।
চোখের আড়াল হইনি যদি ডিম খেয়ে যায় সাপ
কাঁদলে কি আর ফিরবে সে ডিম করলে অনুতাপ।
স্বপ্ন দুটি চোখের পাতায় ছা বেরোনোর পর
সারাবেলা খেলবে খেলা ঘুরবে বাড়ি ঘর।
দাসদাসিরা খোঁজ নিয়ে যায় নড়লো নাকি ডিম
সবাই আমার মুখ তাকিয়ে থাকছে ধরে ঝিম।
ত্রিশ বছর পরে যখন ফুটলো নাতো ছাও
কর্তামশাই বলল রেগে, তা দিয়ে যাও তা-ও।
এটাই তোমার কর্ম ভেবে বাকি জীবন ভর
বাচ্চা পাওয়ার আশায় থাকো থাকবে সুখে ঘর।
যতই ঢেঁকি ভানো কুড়া চাল পাবে না মোটে
জনম ভরে ঝাড়লে কুলায় কুড়াই শুধু জোটে।
তেমনি আমি ঝেড়ে গেলাম সেদ্ধ চালের কুড়া
চাল পাবো না জানি কারণ কপালটা যে পুড়া।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...