
মাকসুদুল হক,হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার সোহাগপুর গ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন হরিনাকুণ্ডু উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ বশির উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বাংলাদেশ কলেজ শিক্ষক কল্যাণ সমিতির (বাকশিস) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জেনারুল ইসলাম তরুন এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী। এছাড়াও অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, লিটন আহমেদ, মজিবর রহমান, আব্দুর রউফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে শিক্ষক ও বুদ্ধিজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এবং সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।
তত্ত্বাবধায়কের বক্তব্যে হরিনাকুণ্ডু উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মোঃ বশির উদ্দিন অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং দলের আদর্শ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা ও বুদ্ধিজীবী সমাজের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং জিয়া পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।