
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বং-স করছে মাদক। এটি নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে এবং জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোমবার (২০ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.বেনজীর আহমেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মো.জাহিদুল আনোয়ার, কৃষি অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা,উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় আব্দুল মহিত তালুকদার বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও এদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা ও অনুষ্ঠিত হয়। জে/এ
