মোঃ মোরশেদ (জেলা প্রতিদিন) বান্দরবান
বান্দরবানে ডিবি ও জেলা পুলিশের যৌথ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় শহরের ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে মাদক কারবারিরা রুট পরিবর্তন করে অত্যন্ত সুকৌশলে বান্দরবান শহরের ভেতরে প্রবেশ করে।
এই তথ্যের ভিত্তিতে বান্দরবান গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি চৌকস দল শহরের ট্রাফিক মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন বিলাসবহুল গাড়িটি আটক করে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকানো ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বান্দরবানের পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ ও ডিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। বান্দরবানকে মাদকমুক্ত করতে এ ধরনের সাড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।