বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২রা আশ্বিন, ১৪৩৩

দৌলতপুরে পদ্মার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, সুপেয় পানির তীব্র সংকট

[print_bangla]

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার হেক্টরের অধিক জমির ফসল। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত তিনদিনে পদ্মার পানি প্রায় ১৫ সেন্টিমিটার কমেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কাটেনি। বরং পানি কমার সঙ্গে সঙ্গে জনদুর্ভোগ আরও বেড়েছে।

রামকৃষ্ণপুর এলাকার বৃদ্ধ আব্দুল মজিদ বলেন, আশপাশের গ্রাম ডুবে যাওয়ায় অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। তারা অবিলম্বে শুকনো খাবার, পানি আর চিকিৎসার দাবি জানান।

চিলমারী ইউনিয়নের উদয়নগর গ্রামের গৃহিণী রহিমা খাতুন বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ডায়রিয়া, আমাশয় আর চর্মরোগ ছড়িয়ে পড়ছে। তারা সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। খাওয়ার পানি পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যক্যাম্প স্থাপন ও খাদ্য সহায়তা দেওয়ার আকুতি জানান তিনি।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। এসব প্রতিরোধে চরাঞ্চলে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দুটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। তারা সাপের কামড়ের কথা চিন্তা করে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত করেছেন। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ জোরদার করা হচ্ছে।’

ইউএনও অনিন্দ্য গুহ বলেন, ‘পদ্মার পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ দুর্গম চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ চলছে।’

এ ছাড়া স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সরবরাহের জন্য মেডিকেল টিমের পাশাপাশি জনস্বাস্থ্য ও পানিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দৌলতপুরে পদ্মার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, সুপেয় পানির তীব্র সংকট

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top