
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৭ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার কার্যালয় এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের নেছারাবাদ উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রমে অংশ নেন তিনি।
সফরের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় স্বরূপকাঠী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, খাল ও জলাশয় পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তিনি। এ ছাড়া স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমির অভিভাবক সমাবেশে অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের সম্পৃক্ততা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ১০২ নম্বর দক্ষিণ কৌড়িখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি কমিউনিটি ক্লিনিক ও ফজিলা রহমান মহিলা কলেজ ঘুরে দেখেন জেলা প্রশাসক। এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম, পরিবেশ এবং সেবা প্রদানের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
এ ছাড়া বিসিক শিল্পনগরীর অভ্যন্তরীণ খাল খনন কার্যক্রম, সুটিয়াকাঠী ইউনিয়ন ভূমি অফিস, সুটিয়াকাঠী ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও স্বরূপকাঠী পৌর ভূমি অফিস পরিদর্শন করেন আবু সাঈদ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও সেবা প্রদানের বিষয়ে খোঁজখবর নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ বিকাশের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
জেলা প্রশাসনের এ মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।