
দাগনভূঞা প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে দাগনভূঞা উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
একই মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছেন ফারহানা নাসরিন, ইউএনও, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা এবং তৃতীয় হয়েছেন মেহেদী হাসান কাউসার, ইউএনও, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা। ২০২৬ সালের আগষ্ট মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
শুক্রবার (১৮ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোঃ শাহীদুল ইসলাম।
জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ফেনী জেলার
দাগনভূঞা উপজেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিভাগের মধ্যে।
ইউএনও মোঃ শাহীদুল ইসলাম বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ,পরিবার পরিকল্পনা বিভাগ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ এবং গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।