
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কারাম উৎসব।নাচ, গান ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উপজেলার নাটশাল ঐতিহাসিক মাঠ। উৎসবে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে ফুটে ওঠে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যময় রূপ। রোববার বিকালে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়।এতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ওঁরাও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো ও হাঁড়িসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ অংশ নেন।
উৎসব উপলক্ষে নারীদের পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল এবং লাল-হলুদ শাড়ির বর্ণিল সাজে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। ঢোল, মাদল ও মন্দিরার ছন্দে দলীয় নৃত্য এবং নিজস্ব মাতৃভাষায় পরিবেশিত গান দর্শনার্থীদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জে/এ
