শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

“নীল বিষাদের পাণ্ডুলিপি”

[print_bangla]

“নীল বিষাদের পাণ্ডুলিপি”
ইয়াসমিন অজান্তা

হয়তো পড়োনি জীর্ণ মলাটে আমার মেঘলা মন,
যেখানে জমানো ধূসর গদ্যে একাকী নির্বাসন।
অশ্রু দিয়েছি অলিন্দে মেখে, রক্তে এঁকেছি আল্পনা,
তোমাদের কাছে আমি তো কেবলই নিষ্প্রাণ এক কল্পনা।
ব্যস্ত সময়ের ঘড়ির কাটাতে যে সত্য হরণ করো-
জানো কি মৃত ইচ্ছার পরে কী নিঠুর ঘর গড়ো?

মগজের কোষে আলপিন বিঁধে করো কত ব্যবচ্ছেদ,
আবেগের টুঁটি চেপে ধরে করো জ্ঞানের পরিক্রমণ।
আমার স্বপ্ন গিনিপিগ হয়ে বিষের পেয়ালা ধরে,
শেষ পেরেকের আর্তনাদ টুকু কফিনের নিচে মরে।
তোমরা খুঁজেছো সার্থকতার রূঢ় কোনো সমীকরণ-
আমি খুঁজেছি দুচোখে আমার নীল জলবিসর্জন।

পাহাড়ের বুকে আঁকতে চেয়েছি জ্যোৎস্নার জলছবি,
মেন্ডেল সেখানে বুনেছে কেবল বিরহী এক কবি।
নিউটন আর আর্কিমিডিস কেড়েছে রঙতুলি-
আমি আজ তাই পিথাগোরাসের অঙ্ক গিয়েছি ভুলি।
কাঞ্চন কন্যা সাজেনা আর হলুদ ওড়না জড়ানো চুলে,
শিশিরের সেই নাকছাবি আজ দলিত পায়ের তলে।

তবুও গোপনে অলক্ষ্যে জাগে পাওয়া না পাওয়ার শোক,
অপেক্ষাদের কফিনবন্দি করে রাখে এ আলোক।
হৃদয়ে আমার তপ্ত বালুকা, নয়নে বিরহ নদী,
এক টুকরো সময় ফিরিয়ে দিতে আমায় পারতে যদি!
হারিয়ে গিয়েছি মোহনার টানে, নিয়েছি চিরবিদায়-
সফলতার খেরোখাতায় আমি আজ একলা অবেলায়।
০২.০৫.২০২৬

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

"নীল বিষাদের পাণ্ডুলিপি"

০৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top