
এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় আজ বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে ১ টি স্পোর্টস ক্লাব, ১ টি কম্পিউটার ক্লাব উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি দূর্গম আসালং পাড়া এলাকায় সুপেয় নিরাপদ পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে। সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল শামস আজিজি,পিএসসি,জি উপস্থিত হয়ে আজ উভয় স্থাপনার উদ্বোধন করেন।
গত ১৮ মে-২০২৬ তারিখে জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সে সময় তারা এলাকার বেশ কিছু সমস্যার কথা জিওসির কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং সুপেয় পানির সংকট নিরসনে জিওসি তাৎক্ষণিক ভাবে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং সিন্দুকছড়ি জোনকে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। জিওসি’র সেই নির্দেশনা বাস্তবায়নে মাত্র তিন দিনের মাথায় সিন্দুকছড়ি জোন সফল ভাবে এই মানবিক ও উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করে।

বাটনাতলী উচ্চ বিদ্যালয় স্পোর্টস ক্লাবের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে স্কুল স্পোর্টস ক্লাবটির উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল শামস আজিজি। সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে ক্লাবে ৩ টি ফুটবল, ২ টি ভলিবল, ১ টি ভলিবল নেট, ২ টি ক্যারম বোর্ড, ২ টি দাবা বোর্ড এবং ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ভাবে ৩০ সেট করে (মোট ৬০ সেট) খেলার জার্সি প্রদান করা হয়। এ সময়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার শিক্ষার্থীদের সাথে ভলিবল ও ফুটবল খেলায় অংশ নেন। এতে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের মাঝে উৎসব এর আমেজ তৈরী হয়।

বাটনাতলী উচ্চ বিদ্যালয় কম্পিউটার ক্লাবে এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে স্কুলটিতে ১ টি কম্পিউটার ক্লাবের উদ্বোধন করা হয়। এতে আনুষঙ্গিক সব সরঞ্জামসহ ২ টি আধুনিক ডেস্কটপ কম্পিউটার এবং ২ টি কম্পিউটার ডেস্ক দেওয়া হয়েছে। আসালংপাড়া ওয়াটার পয়েন্ট স্থানীয় জনসাধারণের বিশুদ্ধ পানির সংকট দূর করতে আসালং পাড়ার পুরোনো ওয়াটার পয়েন্টটি সম্পূর্ণ সংস্কার করে পুনরায় চালু করা হয়েছে। সংস্কার কাজের অংশ হিসেবে সেখানে নতুন সোলার প্যানেল, নতুন সাবমার্সিবল ওয়াটার পাম্প স্থাপন এবং আগের বোরিংয়ের প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হয়। এ ছাড়াও, বাটনাতলী উচ্চ বিদ্যালয় শৌচাগার মেরামতের কাজও ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জোন সূত্রে জানা গেছে। অনুষ্ঠানগুলো সফল ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে সিন্দুকছড়ি জোন সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করে। সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকর মানবিক উদ্যোগে এলাকার শিক্ষার্থী এবং সর্বস্তরের উপকারভোগী মানুষ গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং ২৪ পদাতিক ডিভিশনের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। জে/এ
