
সুজন তানোর, (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়
নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) বিআরডিবি হলরুমে মৎস অধিদপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।তানোর উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া।প্রধান অতিথির বক্তব্যে বলেন,দেশের বিল ও জলাভূমিগুলো শুধু মাছের উৎস নয়, এগুলো জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। জবই বিল ও আশপাশের বিলগুলোকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ,জেলে সম্প্রদায় এবং প্রশাসনের সমন্বিতভাবে কাজ করতে হবে।তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী বলেন,অবৈধ জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকার ও জলাশয় দখলের কারণে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার বিকল্প নেই। সরকার মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক সামছুল করিম,সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোস,
সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা আয়েসা খাতুন।জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।বক্তারা বলেন, জবই বিলসহ পার্শ্ববর্তী বিলগুলোতে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে নিবন্ধিত ৬০ জন জেলে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।