
বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে রামচরন দাস মহাশয়ের বাড়িতে, দুর্গা চরণ দাসের আয়োজনে বুধবার (১৯ জ্যৈষ্ঠ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র গীতা পাঠ, ভোগ নিবেদন, আরতি এবং বিশেষ প্রার্থনা। অনুষ্ঠানে ভক্তবৃন্দের অংশগ্রহণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। পরে উপস্থিত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে এলাকার বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর আদর্শ কলেজের অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশ, রাসেন্দ্র চন্দ্র দাস, বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউপি সদস্য কৃষ্ণ তালুকদার, যুগ্ম আহ্বায়ক গৌরহরি সরকার, ডা. নিলেন্দু শেখর সরকার, ডা. জয়ন্ত সরকার, ডা. সুনীল কুমার দাস, সাংবাদিক রামকৃষ্ণ তালুকদার, ব্যবসায়ী আশিষ দাস, হরিদাস, লিটন দেব, হরিভক্ত দাস, রুবেল রায়,পিন্টু দাস, জয়সেন দাস লব সূত্রধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ, মানবসেবা ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে সম্প্রীতি ও মানব কল্যাণে তাঁর বাণী অনুসরণের আহ্বান জানান। আয়োজকরা জানান, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও মানব কল্যাণমূলক বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই তিরোধান উৎসব পালন করা হয়ে থাকে। উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি উপস্থিত সকল ভক্ত, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জে/এ
