
এমএফএইচ রাজু | আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (১৬ জুলাই ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারে নগরায়ণকে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আহম্মদ সোহেল মনজুর টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান।
তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।
উল্লেখ্য, নিউ আরবান এজেন্ডা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং টেকসই নগর উন্নয়ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে জাতিসংঘে এ উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়।