
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১ টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি জহিরুল ইসলাম (৪২) এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। রাতে ওই নারীর ঘরে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে তাকে দড়ি দিয়ে একটি বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি যাচাই করা হচ্ছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, জহিরুল ইসলাম দলের সদস্য নন। তাদের ভাষ্য, তিনি কেবল একজন সমর্থক; দলের কোনো সাংগঠনিক পদ বা সদস্যপদ তার নেই। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “নারী ও পুরুষ-দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” জে/এ
