
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সুমন সাজ্জাল হাওলাদার (৩৫) ও মো. জাকারিয়া জোমাদ্দার (৩৫)। ডিবি পুলিশ জানায়, পশারিবুনিয়া এলাকায় সঞ্জিব কৃতনিয়ার চায়ের দোকানের সামনে ইটসলিং সড়কে অভিযান চালানো হয়। এ সময় সুমন সাজ্জাল হাওলাদারের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং জাকারিয়া জোমাদ্দারের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মাদক জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।