
এমএফএইচ রাজু | ঢাকা | ৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
কমিটির বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়ে সংবিধান সংশোধনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরেন। আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে উত্থাপিত প্রস্তাবের পাশাপাশি লিখিতভাবে কমিটির কাছে পাঠানো প্রস্তাবগুলোও বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে।
সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয়ে আরও মতামত ও প্রস্তাব নিতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের পর্যায়ক্রমে পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।