স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

[print_bangla]

এমএফএইচ রাজু | ঢাকা | ৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়ার বিষয়টি জানানো হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়া প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে পারে। পাশাপাশি ডাক্তার, নার্সসহ দক্ষ বাংলাদেশি জনশক্তি নেওয়ার জন্যও তিনি আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top