
এমএফএইচ রাজু | কাউখালী (পিরোজপুর) | ৬ অক্টোবর ২০২৬
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মানিক হাওলাদার (৫০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল র্যাব ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ১ নম্বর এজাহারনামীয় অভিযুক্ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ব্যক্তি কৌশলে তার ঘরে প্রবেশ করে। এ সময় তাকে ধর্ষণ/গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
ঘটনার পর জেসমিন বেগমের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৮ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে সংস্থাটির অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।