
রাজশাহী প্রতিনিধি:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাল্যবিয়ে রোধে প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই বার্তা আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় শিক্ষা কর্মকর্তা, সমাজসেবক এবং উপজেলার অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করার তীব্র আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জে/এ
