
দাগনভূঞা প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যের আলোকে দাগনভূঞা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাগনভূঞা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল আফছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, সমাজসেবা কর্মকর্তা আল যোবায়ের প্রিন্স ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।আজকের কন্যা শিশুরাই আগামী দিনের মা। কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে নানা বিষয়ে আলোচনা করা হয়।