
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বগুড়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
(১২ অক্টোবর) সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (করতোয়া) এ সভা করা হয়।
জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যা শিশুরা নিজেদের মেধা ও শিক্ষা দিয়ে সর্বক্ষেত্রেই নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। কিন্তু সামাজিক সচেতনতা ও নিরাপত্তার অভাবে তাদের এই বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি ডোর-টু-ডোর মোটিভেশন প্রোগ্রাম ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সমাজ থেকে নির্যাতন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার নারীদের স্বাবলম্বী ও সম্মানিত করতে ফ্যামিলি কার্ডসহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারসহ নারী-ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে নারীভিত্তিক বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের প্রতিনিধিদের মাঝে চেক হস্তান্তর করা হয়।