
আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, “ক্ষমতা কিংবা পদ-পদবী চিরস্থায়ী নয়। মানুষের ভালোবাসা ও কাজের মধ্য দিয়েই একজন মানুষ বেঁচে থাকে। আমি ক্ষমতার মোহে নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিতে চাই।” রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি এবং কুমিল্লা জেলার পাঁচটি সংসদীয় আসনের দায়িত্ব দিয়েছেন। এই ১১টি সংসদীয় এলাকায় তিনি উন্নয়ন, জনকল্যাণ এবং বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করতে চান।
নাদিয়া পাঠান পাপন বলেন, “সরকার জনগণের কল্যাণে কাজ করার যে সুযোগ আমাকে দিয়েছে, তা আমি সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। মানুষের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, দায়িত্ব ও ক্ষমতা অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে। কিন্তু ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার প্রবণতা শেষ পর্যন্ত মানুষকে ইতিহাসের স্রোতে হারিয়ে ফেলে। তাই তিনি সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘমেয়াদে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৬ জন এমপির সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় এসে তিনি পারিবারিক কবর জিয়ারত ও স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে সকালে নাদিয়া পাঠান পাপন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের বাসভবনে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন। পরে তিনি ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিন ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, নাদিয়া পাঠান পাপন এমপির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামে। জে/এ
