
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য-শান্তি বিনষ্ট করা সহ বিভিন্ন ষড়যন্ত্র, হয়রানি, অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় ধুনট কেন্দ্রীয় পৌর মহাশশ্মান কমিটি ও স্থানীয় গ্রামবাসির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ধুনট শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
ধুনট কেন্দ্রীয় পৌর মহাশশ্মান কমিটির সভাপতি বানেশ্বর হাওয়ালাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র, সাধারণ সম্পাদক বিমল সাহা, ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দির কমিটির সভাপতি তপু সাহা ও সাধারণ সম্পাদক লিখন সাহা।
উল্লেখ্য, ধুনট সদরের বাসিন্দা আশিষ কুমার পেশায় প্রতিমা তৈরীর কারিগর। তিনি মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে প্রশাসনের লোকজনকে প্রভাবিত করে স্থানীয় সনাতন ধর্মের লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়ারানী করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টার অভিযোগ রয়েছে। তার অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে সনাতন ধর্মের নারী পুরুষ এ কর্মসূচি পালনের মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।