
খুব কি ভুল চেয়েছি
জাসমিনা খাতুন
খুব কি ভুল চেয়েছি? তোমার কাছে…আমার তো চাওয়া ছিল-রোদে-ভেজা শরীরের ওই বসনখানি তোমার, তাও আমার মহাপ্রস্থানকালে।
শেষ কফিনের কাফন করে পরতে চেয়েছি; লুঙ্গিটাই লিফাফা, গামছাটাই ইজার, পাগড়িটাই চেয়েছি কামিজ করে, গেঞ্জিটাই চেয়েছি খিমার, সিনাবন্দ।
অলৌকিক পারিজাতের সুবাস তোমার তপ্ত তনুর মায়াবী, ঘর্মাক্ত, লেপ্টে-থাকা সাদা ধবধবে স্যান্ডো গেঞ্জিতে।
মহাকালের নিয়মে মৃত্যু তো অবধারিত। বলো, তোমাকে ছাড়া কীভাবে কাটবে অন্ধকূপের জীবন?
তোমার শ্রমে-সিক্ত, অনুভূতি-রাঙা কাফন আমাকে জানিয়ে দেবে-আমি বিলুপ্ত হইনি; আমি আছি, অবিনশ্বর হয়ে আছি তোমার প্রেমের সেই শাশ্বত ঘোরে। জে/এ
রামপুরহাট, বীরভূম, ভারত
৫/০৭/২০২৬ খ্রি.

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...