
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভাণ্ডারিয়া থানার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার তৌসিফ বেপারীর বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ পলাশ চন্দ্র বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পলাশ চন্দ্র বেপারী দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত প্রফুল্ল চন্দ্র বেপারীর ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।