
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পল্লী উন্নয়নের বিভিন্ন কর্মসূচির সুফলভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. হাসিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান৷

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। পল্লীর মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া পল্লী উন্নয়নের সফল উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান, ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।