
অনলাইন ডেক্স: ভয়ঙ্কর বিষধর একটি কোবরা সাপ হঠাৎই ব্যস্ততম সড়কের মাঝখানে এসে ফণা তুলে টানা তিরিশি মিনিট অবস্থান করে। এসময় রাস্তায় সৃষ্টি হয় যানজট । আর এ নিয়ে সামাজিক মাধ্যমে চলে নানা রকমের মন্তব্য।
এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে সরিয়ে নেয় পুলিশ। এসব কাণ্ডে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুর প্যালেস রোডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে এটিকে ‘ভিআইপি কোবরা’ বলেও মন্তব্য করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফণা তুলে থাকা কোবরাটিকে দেখে চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে যানবাহন ধীরগতিতে চলতে থাকে এবং অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বেঙ্গালুরুর ট্রাফিকের নতুন ভিআইপি ছিল একটি কোবরা।
আরেকজন রসিকতা করে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে সাপটি রাস্তার মাঝখানেই ৩০ মিনিটের ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছিল, তাও আবার ফণা তুলে।’
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তবে এতে কোনো মানুষ বা সাপের ক্ষতি হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আবহাওয়ার পরিবর্তনের সময় প্রাকৃতিক আবাসস্থল থেকে সাপ জনবসতিপূর্ণ এলাকায় চলে আসার ঘটনা অস্বাভাবিক নয়। (সূত্র- কালের কণ্ঠ)