
জি. এম. আমিনুর রহমান,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি-
সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগির ঘরে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। (২ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির হাঁস-মুরগির খোপে থেকে প্রায় ১৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুক্তার গাজী হাঁস-মুরগির খোপে দরজা খুলে দেন। এ সময় দুটি হাঁস ও একটি মুরগি ঘর থেকে বের হয়ে এলেও অন্য হাঁস-মুরগিগুলো বের হচ্ছিল না। বিষয়টি দেখতে মুক্তার গাজীর স্ত্রী ঘরের ভেতরে উঁকি দেন। তখনই তিনি বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। ভয় পেয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মুক্তার গাজী জানান, হাঁস-মুরগিগুলো খোপে থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রী ভেতরে দেখতে যান। সেখানে এত বড় অজগর দেখে তিনি ভয় পেয়ে জ্ঞান হারান। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিপিজির সদস্য আবুল হোসেন জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পর বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন, অজগরটি খাবারের সন্ধানে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। স্থানীয়দের ধারণা, সুন্দরবনের কাছাকাছি হওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যে বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। তবে হাঁস-মুরগির খোপে থেকে এত বড় অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জে/এ
