
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
কোনো ধরনের আনুষ্ঠানিকতা, ফুলেল শুভেচ্ছা কিংবা অভ্যর্থনা ছাড়াই এক ব্যতিক্রমী ও আকস্মিক পরিদর্শনের মধ্য দিয়ে শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালনের যাত্রা শুরু করেছেন কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু।
প্রথম দিন স্কুলে পৌঁছে কোনো আনুষ্ঠানিকতা না করে তিনি সরাসরি শ্রেণী কক্ষে চলে যান। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিক্ষার মানোন্নয়ন, ক্লাসরুমের পরিবেশ উন্নত করা এবং পড়ালেখার নানামুখী সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন। শিক্ষার গুণগত মান বাড়াতে তিনি শিক্ষার্থীদের পরামর্শ শোনেন এবং সবার সহযোগিতাও কামনা করেন।
পরবর্তীতে তিনি শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা, শিক্ষকদের সময়ানুবর্তিতা এবং যথাসময়ে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেন। ছুটির যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের পাঠাগার, ল্যাবরেটরি এবং আইসিটি ল্যাবকে আরও আধুনিক ও কার্যকর (ফাংশনাল) করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কোনো আয়োজন ছাড়া এমন সাদামাটা ও কাজের প্রতি আন্তরিক আগমন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
শিক্ষার্থীরা জানান, প্রথম দিনেই সভাপতি সরাসরি তাদের শ্রেণী কক্ষে গিয়ে খোঁজখবর নেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। অন্যদিকে শিক্ষকরা এই পরিবর্তনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
এ/হ