
এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রবিবার (গভীর রাতে) কাজিপুর থানা পুলিশ গান্থাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওইদিন রাত সাড়ে ১২টার দিককে চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় ওই মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশি করে তাঁর জিনসের প্যান্টের কোমরের বাঁ পাশে লুকানো অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির বাঁ পাশে ‘বার্মা’ লেখা ছিল। গ্রিপসহ রিভলবারটির দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া এর ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৩.০ মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ‘এ ঘটনায় গ্রেপ্তার নাসিমের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এ/জে