
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দিরাইয়ের ৪ নির্মাণ শ্রমিকের ঘরে এখন শুধুই শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
সোমবার(৪ মে) দুপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোকবার্তা ও নগদ আর্থিক সহায়তা নিয়ে নিহতদের বাড়িতে বাড়িতে যান তিনি।
নিহত শ্রমিকরা হলেন— উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের নুরুজ আলী (৬০), নূরনগর গ্রামের ফরিদুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের রামিন মিয়া (২৫) এবং রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের মুন্নী বেগম (২৮)
সরেজমিনে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তারা সিলেটে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা সব কেড়ে নিয়েছে। অ্যাডভোকেট পাবেল চৌধুরী শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা পৌঁছে দেন।
এ সময় অ্যাডভোকেট পাবেল চৌধুরী বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজ এই শোকাতুর পরিবারগুলোর পাশে এসেছি। এই শোক সহ্য করার মতো নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেটে ঘটে যাওয়া ওই ভয়াবহ দুর্ঘটনায় একসাথে দিরাইয়ের ৪ শ্রমিকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।