
মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের সকল উপজেলার মতো হরিণাকুণ্ডু উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) মেলার সমাপনী দিনেও দেখা গেছে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। মেলা চলাকালীন সাধারণ নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও ভোগান্তিহীন ডিজিটাল ভূমি সেবা প্রদান করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন হরিণাকুণ্ডুর সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের হয়রানি ছাড়া সরাসরি ই-নামজারি, খতিয়ান, দাখিলা ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা পেয়ে নাগরিকরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিত করায় মেলার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ এবং স্থানীয় সুধী সমাজের মাঝে প্রশংসায় ভাসছেন সহকারী কমিশনার (ভূমি) মহোদয়। ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, হয়রানিমুক্ত ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মেলাটি সফল ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। জে/এ
