
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলার মাতাজীহাট – সহরাই ও বদলগাছী সড়ক জুড়ে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া- জারুল ফুল। ফুলে ফুলে ছেয়ে যাওয়া এই সড়কের মনোরম দৃশ্য নয়ন জুড়াচ্ছে পথচারীদের। কয়েক বছর আগে নিজ খরচে ব্যক্তিগত উদ্যোগে এই সড়কের দুই পাশে এসব কৃষ্ণচূড়া ও জারুলের গাছ লাগিয়ে ছিলেন অধ্যক্ষ মো.আরিফুর রহমান সরদার। এবার এসব গাছে ফুল ফুটেছে। সহরাই গ্রামের মিজানুর রহমান বলেন, কৃষ্ণচূড়া ও জারুল ফুলে এই সড়কের চেহারা বদলে গেছে প্রতিদিন অসংখ্য মানুষ এসব ফুল দেখতে আসছে।
জানা গেছে, বৃক্ষ প্রেমিক মো.আরিফুর রহমান সরদার ছোট বেলা থেকেই শখ ছিল গাছ লাগানো। তবে ২০২০ সাল থেকে তিনি নিজস্ব অর্থায়নে ব্যাপকভাবে গাছ লাগানো শুরু করেন। এ পর্যন্ত বিভিন্ন জেলায় ৫০ হাজারের অধিক বৃক্ষ রোপন করেছেন। প্রথম দিকে তিনি বনজ ও ফলজ বৃক্ষ রোপন করলেও পরে তিনি দৃষ্টিনন্দন ফুল বৃক্ষের প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল ও দূর্লভ প্রজাতির জাকারান্ডা (নীল কন্ঠ) বৃক্ষ রোপন করেছেন।
অধ্যক্ষ মো.আরিফুর রহমান সরদার বলেন, প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়ে যাচ্ছি এবং এ কাজটি আমার অব্যাহত থাকবে।